মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংগাইর উপজেলার যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার মাসুম ফুটবল একাডেমি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার দিঘী ইউনিয়নের ডাউটিয়া মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শুরু থেকেই ভালো খেলে ২-০ গোলের জয় তুলে নেয় মাসুম ফুটবল একাডেমি।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ডা. এ এম কাইয়ুম রহমানের সভাপতিত্বে এবং ডাউটিয়া বুলবুল ক্লাবের সভাপতি আরিফ মোল্লার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জ্যেষ্ঠ বিএনপি নেতা আক্কসা আলী খোকন, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মোশাররফ হোসেন বাদল, ওস্তাদ মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা, বেসরকারি সংস্থা পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা সামসুল হক এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাসুম ফুটবল একাডেমিকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।
ডাউটিয়া বুলবুল ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। আয়োজকেরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
The post মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন মাসুম একাডেমি appeared first on ভোরের চেতনা.
