বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বরিশাল প্রতিনিধি
-
প্রকাশিত :
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন দুর্যোগ মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখার পাশাপাশি ভবিষ্যতে এ বিষয়ে আরও ব্যাপক আলোচনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। দুর্যোগ সহনশীল দেশ গড়তে হলে প্রস্তুতি শুরু করতে হবে নিজের ঘর থেকেই। ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সবার আগে নিজেকে শান্ত রাখা, ধৈর্য ধারণ করা এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি বলেও তিনি জানান। তিনি বলেন দুর্যোগের সময় আতঙ্কিত হয়ে পড়লে বিপদের মাত্রা আরো বেড়ে যেতে পারে। তাই নিজের বাসা বা কর্মস্থল থেকে জরুরি মুহূর্তে বের হওয়ার বিকল্প পথ বা এক্সিট ওয়ে কোথায়, কীভাবে নিরাপদ স্থানে পৌঁছানো যাবে এবং বাইরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেলে কী করণীয় এসব বিষয়ে আগে থেকেই পরিষ্কার ধারণা রাখতে হবে। তিনি আরো বলেন দুর্যোগ মোকাবিলা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্ধারকারী সংস্থা, প্রকৌশলী, জনপ্রতিনিধি, গণমাধ্যমসহ সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা সৃষ্টি, নিয়মিত মহড়া, নিরাপদ ভবন নির্মাণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে পরিবার ও সমাজের প্রতিটি সদস্যকে ধারণা দেওয়ার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সভায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল সিভিল সার্জন ডা. মোঃ সাইয়েদুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকসহ গণমাধ্যমকর্মী। উল্লেখ্য সভায় বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম ভূমিকম্প ও অগ্নিকান্ডের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন।
আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com
