প্রকাশিত: ০৯:১৮, ২৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ওমানের মাসকাটের কাবুস বন্দরের কাছে নোঙর করে থাকা অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার ও অন্যান্য জাহাজ। ছবি: এলকে শোলিয়ার্স/গেটি
হরমুজ প্রণালিতে একদিনে সাতটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে একদিনে এটিই সবচেয়ে বড় ধরনের হামলার ঘটনা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, ক্ষতিগ্রস্ত সাতটি ট্যাংকারের মধ্যে চারটি তেল স্থানান্তরের সময় হামলার শিকার হয়ে আগুনে পুড়ে যায়। বাকি তিনটি সমুদ্রে পেতে রাখা মাইনের সঙ্গে ধাক্কা লেগে অচল হয়ে পড়ে।
তবে, এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আইআরজিসি কোনো হতাহতের তথ্য কিংবা ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নিবন্ধন (ফ্ল্যাগ) সম্পর্কেও বিস্তারিত জানায়নি।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, ওয়াশিংটন যদি হরমুজ প্রণালির অন্য অংশ দিয়ে ট্যাংকার চলাচলে সহায়তা করে, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও তাদের লক্ষ্যবস্তু হতে পারে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়িয়ে দেওয়ার জন্য ইরান সম্ভাব্য সবকিছুই করছে।
নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি আরো যোগ করেন, তারা (ইরান) ভুয়া হামলা, মাইন এবং অন্যান্য সবকিছুর গল্প বানিয়ে বলছে; অথচ বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে যে পরিমাণ তেল আসছে, তা এই সংঘাত শুরুর আগের তুলনায়ও বেশি।
সূত্র: আল-জাজিরা
