নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ ও ক্ষমতাসীন দল বিএনপি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি নাহিদ ইসলামকে চিফ হুইপের পদ থেকে পদত্যাগের পরামর্শও দিয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য ও দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে রাশেদ খাঁন লেখেন, “শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম। যে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ হয়, সেই সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কীভাবে বৈধ হন?”
নাহিদ ইসলামকে নৈতিকতার দোহাই দিয়ে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, “শেখ হাসিনার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিল জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা। তবুও যেহেতু পদত্যাগ করার আগে তিনি সরকারকে অবৈধ বলে বক্তব্য দিয়ে ফেলেছেন, সুতরাং এই বক্তব্যের পর নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।”
বক্তব্যের শেষ অংশে নিজের প্রত্যাশা ব্যক্ত করে রাশেদ খাঁন লেখেন, “আশা করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দেবেন এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এনসিপির জনভিত্তির প্রমাণ দেবেন।”
এর আগে শনিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে এক কর্মসূচিতে নাহিদ ইসলাম বর্তমান সংসদ ও প্রধানমন্ত্রীকে নিয়ে কড়া সমালোচনা ও রাজনৈতিক মন্তব্য করেছিলেন। রাশেদ খাঁনের এই পাল্টা বক্তব্যের মাধ্যমে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

