হাসি-ঠাট্টা আর মজার সব ঘটনায় দর্শকদের গেল কয়েক বছর ধরে বিনোদন দিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’। তবে জনপ্রিয় এই ধারাবাহিকের নতুন পর্বে এবার সামনে এসেছে সম্পর্কের অন্য এক রূপ। পাশা ভাইয়ের আবেগঘন মুহূর্ত এবং বিপদে বন্ধুদের একসঙ্গে পাশে দাঁড়ানোর দৃশ্য দর্শকদের চোখ ভিজিয়েছে।
অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আবেগের কথা জানিয়ে বলেছেন, পর্বটি দেখতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তারা।
বিজ্ঞাপন
শারদীয় দুর্গাপূজার ছুটিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রকাশিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১৬। মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পাওয়া পর্বটিতে বন্ধুত্ব, মমতা ও পারস্পরিক দায়িত্ববোধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। সেই সঙ্গে শেষ অংশে অ্যাকশনের আভাস নতুন পর্ব নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

এত দিন ধারাবাহিকটির বিভিন্ন পর্বে কাবিলা, পাশা, হাবু, নেহাল, আরেফিন, জাকির ও রকির হাস্যরসাত্মক কর্মকাণ্ডই ছিল দর্শকদের বিনোদনের অন্যতম উৎস। তবে এবারের পর্বে হাসির আড়ালে থাকা সম্পর্কের গভীরতা নতুন করে সামনে এসেছে।
পর্বটি দেখার পর নিজের অনুভূতির কথা জানিয়েছেন ইফতেখার আহমেদ। তার মতে, পুরো সিজনে পাশা ভাইকে কৃপণ ও কঠিন মনের মানুষ হিসেবে দেখা গেলেও এবার তার ভিন্ন একটি দিক প্রকাশ পেয়েছে। বন্ধুদের ভালোবাসায় আবেগাপ্লুত পাশাকে দেখে নিজেও কেঁদেছেন বলে জানান তিনি।

ইফতেখার আরও মনে করেন, রক্তের সম্পর্ক না থাকলেও জীবনের কঠিন সময়ে পাশে থাকার মতো বন্ধু পাওয়া গুরুত্বপূর্ণ। প্রথম সিজন থেকে পঞ্চম সিজন পর্যন্ত পাশা ভাইয়ের চরিত্রে যে দাপুটে ও ভীতিকর ভাব দেখা গেছে, নতুন পর্বে তার বিপরীতে কোমল ও আবেগী সত্তার প্রকাশ ঘটেছে। তার কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি ধারাবাহিক নয়, বরং শৈশব থেকে যৌবনে পা রাখার সময়ের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির অংশ।
বিজ্ঞাপন
একইভাবে বন্ধুত্বের উপস্থাপনা নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন শেখ ফারদিক। তার ভাষ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ বন্ধুদের সম্পর্ক যেভাবে তুলে ধরা হয়েছে, তা অন্য ধারাবাহিকে খুব একটা চোখে পড়েনি।
পাশা ভাইয়ের পরিবর্তন নিয়েও মন্তব্য করেছেন সাকিব হোসেন। তার স্মৃতিতে, সাত বছর আগে ব্যাচেলর বাসায় এসে পাশা অন্যদের মারধর করতেন, ভয় দেখাতেন। সেই চরিত্রের মানুষটির জন্যই এখন বন্ধুরা একজোট হয়ে পাশে দাঁড়িয়েছেন। বন্ধুদের আন্তরিকতা দেখে একসময় শক্ত মনের পাশাও নিজের আবেগ সামলাতে পারেননি। সাকিবের মতে, সময়ের সঙ্গে মানুষের মধ্যে তৈরি হওয়া মায়া ও ভালোবাসার সম্পর্কই এই দৃশ্যের মূল সৌন্দর্য।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। এ ছাড়া অভিনয়ে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শামীমা নাজনীন, মুসাফির সৈয়দ বাচ্চু ও মালু দেওয়ানসহ অনেকে। নতুন পর্বে যুক্ত হয়েছেন ইন্তেখাব দিনার ও আনিসুল ববি।
কাজল আরেফিন অমির পরিচালনা ও প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটি বঙ্গের পাশাপাশি দেখা যাচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে।
বিজ্ঞাপন
এমআই/এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
