মা ইলিশ রক্ষায় চাঁদপুরে কোস্টগার্ডের অভিযান জোরদার
মনির হোসেন, চাঁদপুর
- আপডেট সময় : ০৯:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে কোস্টগার্ড।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ এলাকায় নদী ও উপকূলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোস্টগার্ড জানায়, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করতে পারবেন সাধারণ মানুষ।
