বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি পোস্টটি দিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষক ও জামায়াতের কয়েকজন নেতা।
সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. শফিকুর রহমান লেখেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।’ সংক্ষিপ্ত এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পোস্টটির ইঙ্গিত ও উদ্দেশ্য নিয়ে শুরু হয় নানা আলোচনা।
যুক্তরাজ্যপ্রবাসী রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ওয়ালিউদ্দীন তানভীরের ধারণা, কোনো নির্দিষ্ট বিষয়কে ইঙ্গিত করেই জামায়াত আমির পোস্টটি দিয়েছেন। তার মতে, রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’ শক্তির এক হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে যে বক্তব্য দিয়েছিলেন, পোস্টটি তার প্রতিক্রিয়া হতে পারে।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল পদমর্যাদার দুজন নেতা এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে নিজেদের ধারণার কথা জানিয়েছেন। তাদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গ ইঙ্গিত করা হয়ে থাকতে পারে। এর জবাব হিসেবেই বিরোধীদলীয় নেতা ফেসবুকে পোস্টটি দিয়েছেন বলে তারা মনে করছেন।
ওই নেতারা আরও দাবি করেন, জামায়াত কখনো কোনো অপরাধীর সঙ্গে হাত মেলায়নি। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা অতীতের জাতীয় নির্বাচনে তাদের নেতাকর্মীরা বিএনপিকে সহযোগিতা করেছিলেন বলে দাবি করে আসছেন। তাদের ভাষ্য, আওয়ামী লীগ নেতাদের এসব দাবির বিষয়ে বিএনপির পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া আসেনি।
জামায়াতের ওই নেতাদের ধারণা, আওয়ামী লীগ নেতাদের বক্তব্য এবং বিএনপির নীরবতার বিষয়টিও ডা. শফিকুর রহমানের পোস্টের পেছনে থাকতে পারে। তবে ফেসবুক পোস্টটির সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে জামায়াত আমিরের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
