বিহারের রাজনীতিতে নতুন করে বিতর্কে জনতা দল ইউনাইটেড (JDU)-এর বিধায়ক অনন্ত সিং। নীতীশ কুমারের পাশে দাঁড়াতে গিয়ে ন’জনকে খুন করিয়েছিলেন বলে প্রথমে দাবি করেন মোকামার বিধায়ক। পরে অবশ্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দাবি করেন, লালুপ্রসাদ যাদবের শাসনকালে তাঁর ন’জন সঙ্গী খুন হয়েছিলেন। অনন্ত সিংয়ের পরস্পরবিরোধী মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তাঁর বক্তব্যের পরে দূরত্ব বাড়িয়েছে JDU-ও।
কী বলেছিলেন অনন্ত সিং?
শুক্রবার, ১৬ অক্টোবর, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে নীতীশ কুমারের সঙ্গে নিজের দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন অনন্ত সিং। সেই প্রসঙ্গেই তিনি দাবি করেন, নীতীশ কুমারের রাজনৈতিক উত্থানের সময়ে তাঁকে সাহায্য করতে গিয়ে ন’জনকে খুন করিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘আমার মতো এ ভাবে কে নীতীশ কুমারের জন্য বলিদান দিয়েছে! নীতীশ কুমার যখন এদিক-ওদিক ঘুরে বেড়াতো, তখন থেকে ওঁর সঙ্গে। ওঁর জন্য নয় জনকে খুন করিয়েছিলাম।’ নীতীশ যখন রাজনৈতিক ভাবে তেমন প্রতিষ্ঠিত ছিলেন না, তখনও তাঁর পাশে ছিলেন বলে দাবি করেন এই বিধায়ক।
অনন্ত সিংয়ের এই মন্তব্য সামনে আসতেই বিহারের রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। বিরোধী দল RJD তাঁর বক্তব্যকে ন’টি খুনের সঙ্গে নিজের যোগ থাকার স্বীকারোক্তি হিসেবে তুলে ধরে। তবে তাঁর দাবির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা যায়নি।
পরে কী সাফাই দিলেন বিধায়ক?
বিতর্ক ছড়ানোর পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন অনন্ত সিং। তাঁর দাবি, কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। নীতীশ কুমারকে সাহায্য করতে গিয়ে তিনি ন’জনকে খুন করিয়েছিলেন, এমনটা বলতে চাননি। বরং নীতীশের সঙ্গে রাজনৈতিক ভাবে যুক্ত থাকার কারণে লালুপ্রসাদ যাদবের শাসনকালে তাঁর ন’জন সঙ্গী খুন হয়েছিলেন বলে দাবি করেন তিনি। অর্থাৎ, প্রথমে খুন করানোর কথা বললেও পরে সেই বক্তব্য থেকে সরে এসে নিহতদের নিজের সহযোগী বলে উল্লেখ করেন অনন্ত।
JDU-র সঙ্গে সংঘাত কেন?
অনন্ত সিংয়ের মন্তব্যের নেপথ্যে রয়েছে দলের সঙ্গে তাঁর টানাপড়েন। পাটনা গ্র্যাজুয়েটস বিধান পরিষদ কেন্দ্রের নির্বাচনে JDU তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নীরজ কুমারকে প্রার্থী করেছে। দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অনন্ত সিং প্রকাশ্যেই নীরজের বিরোধিতা করেছেন। জন সুরজ পার্টির প্রার্থী অনুজ সিংকে সমর্থনের কথাও জানিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে অনন্ত সিংয়ের থেকে দূরত্ব তৈরি করেছে JDU। দলের তরফে নীতীশ কুমারের দীর্ঘ রাজনৈতিক জীবন ও ভাবমূর্তির পক্ষে সওয়াল করা হয়েছে। অন্য দিকে, বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করে নীতীশের দলকে আক্রমণ করেছে RJD।
