টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে সেনাবাহিনী!
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে সহযোগিতা শুরু করে।
এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৬টি ইউনিট কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে। সড়কে শ্রমিকদের বিক্ষোভের কারণে ইউনিটগুলোর পৌঁছাতে দেরি হচ্ছে।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় পর্যায়ক্রমে আরও ইউনিট পাঠানো হচ্ছে।
এদিকে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
