ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ৪ ফেব্রুয়ারি। ২৯ এপ্রিল হবে তৃতীয় ধাপের। আর চতুর্থ ও পঞ্চম ধাপের ভোটগ্রহণ যথাক্রমে অনুষ্ঠিত হবে ১৩ ও ২৭ মে।
সানাউল্লাহ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করা হবে। বাংলাদেশ আর সহিংসতাপূর্ণ নির্বাচনের পথে হাঁটবে না বলেও জানান তিনি।
এর আগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের জন্য আজ সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা শুরু হয়।
ইসি সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়াও সোমবারের বৈঠকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিস্তারিত একটি কমিটির মাধ্যমে এটি সম্পাদন হবে। আমরা কিছু ইন্টারনাল রিডিস্ট্রিবিউশন (অভ্যন্তরীণ পুনর্বণ্টন) অ্যালাউ (অনুমোদন) করেছি।
বৈঠকে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
