শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের একটি পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহানবমীর দিনে প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকার জে এম সেন হল প্রতিবছরই দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এবার পূজার আয়োজনের পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মণ্ডপটিতে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে চট্টগ্রামে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে চলছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি উৎসবের আনন্দ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, এ সফরের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও সৌহার্দ্যের বার্তাও আরও শক্তিশালী হবে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর দিনে নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথের দাবি, স্বাধীনতার পর কোনো সরকারপ্রধানের চট্টগ্রামে এসে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের ঘটনা এবারই প্রথম।
চট্টগ্রাম জেলা প্রশাসন, মহানগর বিএনপি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে নগরের হোটেল র্যাডিসন ব্লুতে বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী সাংগঠনিক সভায় যোগ দেবেন। সভায় সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, বন্দরনগরীর পূজামণ্ডপে প্রধানমন্ত্রী আসছেন—এ খবরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তাকে স্বাগত জানাতে চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা অপেক্ষায় রয়েছেন।
সফর শেষে রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা দেওয়ার কথা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
