ছবি: খবরের কাগজ
-->ফেডারেশন কাপ ফুটবলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। তবে কিংসের জয়ের দিনে পয়েন্ট হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) সিটি ক্লাবকে ৩-০ গোলে হারানোর চার দিন পর ফেডারেশন কাপেও একই প্রতিপক্ষের মুখোমুখি হয় প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
মঙ্গলবার (২০ অক্টোবর) মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে নবাগত সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে দলটি।
আরও পড়ুন
লিগের ম্যাচে গোল করা তিন ফুটবলারের মধ্যে রবসন রবিনহো ও এমেকা ওগবুগু এদিনও জালের দেখা পেয়েছেন। পেনাল্টি থেকে ১৯ মিনিটে রবসন দলকে এগিয়ে নেন। ৪০ মিনিটে এমেকা ব্যবধান দ্বিগুন করেন। লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে এনিয়ে টানা চতুর্থ জয় পেল বসুন্ধরা। ফেড কাপে টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সপ্তাহান্তে লিগের ম্যাচে একই প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছিল সাদা-কালোরা।
আরও পড়ুন
ম্যাচের ৬১ মিনিটে সোলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে ১১ মিনিট পরই পিডব্লিউডির হয়ে সমতাসূচক গোল করেন ইয়োহান এমবিদা। এই ড্রয়ে সাত দলের গ্রুপে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান।
এদিকে দিনের তৃতীয় ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্সের লড়াই ২-২ গোলে ড্র হয়েছে।
আরও পড়ুন
শেষদিকে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে দুই দলই দুটি করে গোল করে। আরামবাগের হয়ে গোল করেন রকি ও সামিন। অন্যদিকে ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে গোল করেন অ্যাঙ্গাস বেইলি ও যুবরাজ।
তোফায়েল/রিফঅত/
