চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী এন.এ. চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক ও ফুলতলা বাজার স্টেশন প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপু দত্তের সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া-লোহাগাড়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজীব দাস পুরকায়স্থ বলেন, “কিশোর অপরাধ ও ইভটিজিং কেবল একটি আইনি সমস্যা নয়, এটি একটি মারাত্মক সামাজিক ব্যাধি। তরুণ ও কিশোর সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো অপসংস্কৃতি রুখতে উপজেলা প্রশাসন শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। যেকোনো মূল্যে সন্তানদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা হবে।
প্রধান আলোচক অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মাদকের ভয়াবহতা ও কিশোর গ্যাংয়ের অপসংস্কৃতি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যাতে কোনো অপরাধচক্রে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ইভটিজিং প্রতিরোধে পুলিশি টহল জোরদার করা হয়েছে। বিদ্যালয়ের সামনে কিংবা যাতায়াতের পথে কেউ ছাত্রীদের উত্ত্যক্ত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের যেকোনো সমস্যায় সরাসরি থানা-পুলিশকে অবহিত করার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করার কথাও জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন। এ ছাড়া অভিভাবক সদস্য আবুল কালামসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।র্যালি ও আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
The post কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সাতকানিয়ায় সচেতনতামূলক সভা appeared first on ভোরের চেতনা.
