শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের ছয় দিনের মাথায় লিমা আক্তার (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী একরামুল হক (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। লিমার পরিবারের অভিযোগ, বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে এ ঘটনা ঘটে। লিমা হালুয়াঘাট উপজেলার মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। গত ১৫ অক্টোবর একরামুলের সঙ্গে তাঁর বিয়ে হয়।
পরিবারের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরেন লিমা। এ সময় বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর মনোমালিন্য হয় বলে জানা গেছে। রাত ৩টার দিকে লিমার ভগ্নিপতিকে ফোন করে একরামুল জানান, তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। পরে ভোরে তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লিমার স্বজনদের অভিযোগ, তাঁকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে একরামুলের দাবি, মাঝরাতে ঘুম থেকে উঠে তিনি পাশের একটি ঘরের সানশেডে ওড়না দিয়ে স্ত্রীর মরদেহ ঝুলতে দেখেন এবং পরে তা নামিয়ে পরিবারের সদস্যদের জানান।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক আব্দুল হান্নান জানান, নববধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
