সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা আজ
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ এএম
ছবি: সংগৃহীত
-->সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
সোমবার (৭ অক্টোবর) পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ করে দিতে আগামী ২২ অক্টোবরও ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি অফিস, ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা থাকবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা ছিল। পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। ২২ অক্টোবরও (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়।
আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তারা। তবে ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে আজ অফিস খোলা থাকছে।
রিফাত/
আরও পড়ুন
দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ এএম
ফাইল ছবি
-->দেশের দুই বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এতে আরও বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রিফাত/
আরও পড়ুন
অফিসার্স ক্লাবের তৃতীয় তলার বেজমেন্ট থেকে পড়ে অতিরিক্ত সচিবের মৃত্যু
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ এএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি: সংগৃহীত
-->রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে নিচে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. মোশারফ হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভুনা গ্রামের বাসিন্দা। তিনি বনানীর ৫ নম্বর সড়কের ৪০ নম্বর বাড়ির সি/৩ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। তার দুই মেয়ে। বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন এবং ছোট মেয়ে তাসমিয়া মারজান বাবার সঙ্গে থাকতেন। তিনি অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ নিয়ে আসা নিহতের মামাতো ভাই মো. নাজমুল হাসান মিলন জানান, শুক্রবার (১৬ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে মোশারফ হোসেন তার ছোট মেয়ে তাসমিয়া মারজানকে নিয়ে অফিসার্স ক্লাবে যান। তাঁর মেয়ে কয়েক দিন পরপর সুইমিং করতে সেখানে যেতেন। সেদিনও একই উদ্দেশ্যে তাঁরা ক্লাবে গিয়েছিলেন।
পরে তিনি মেয়েকে সুইমিং করতে পাঠিয়ে ছোট মেয়ের আসন্ন বিয়ের আনুষ্ঠানিক কিছু কাজ ও বুকিংয়ের জন্য ভবনের অন্য পাশে একটি নির্মাণাধীন স্থানে যান। তিনি চোখে খুব কম দেখতেন। সেখানে গিয়ে লিফট খুঁজে পাচ্ছিলেন না। একবার সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন, আবার ওপরে উঠছিলেন। এ সময় নিচে বৈদ্যুতিক তার ওঠানোর জন্য রাখা একটি ফাঁকা জায়গা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন।
নাজমুল হাসান মিলন আরও জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ডেথ সার্টিফিকেটসহ আনুষঙ্গিক কিছু কাজের জন্য রাত সাড়ে ১১টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, ‘এই মৃত্যুতে আমাদের কোনো অভিযোগ নেই। পরিবারের সদস্যরা সিসিটিভি ফুটেজ দেখেছি। প্রশাসনও সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখছে। তার বয়স বিবেচনায় আমরা ময়নাতদন্ত করাতে চাইছি না। প্রশাসন থেকেও ময়নাতদন্ত ছাড়া মরদেহ আমাদের কাছে হস্তান্তরের কথা জানানো হয়েছে।’
নিহতের বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে মরদেহ দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
আজিজুল হাকিম/রিফাত/
আরও পড়ুন
অন্য ধর্মের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম
বনানী মাঠে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে বক্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
-->সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, প্রত্যেক ধর্মাবলম্বীর বিশ্বাস, আচার ও অনুষ্ঠান তাঁদের হৃদয়ের খুব কাছের। তাই অন্যের ধর্মীয় বিশ্বাসের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানী মাঠে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত। কারণ, বাংলাদেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না।
তিনি বলেন, আমরা কেউ এখানে সম্প্রদায় হতে আসিনি। আমাদের দেশের আইনকানুন কেউ কাউকে সম্প্রদায় বলে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সিটিজেন, সবাই সমান অধিকারের অধিকারী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান সব ধর্মাবলম্বীকে স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় প্রতিষ্ঠা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার দিয়েছে। তাই ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা নিশ্চিত করা সবার দায়িত্ব।
দুর্গাপূজার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, এবার দেশে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ সরকারি বরাদ্দ ও সর্বোচ্চ ছুটি রয়েছে। ধর্মীয় উৎসবের আনন্দ নির্বিঘ্নে উদযাপনে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং বনানী ও গুলশান এলাকার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএন/
আরও পড়ুন
সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারও যাত্রী
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
-->হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী এখন পর্যন্ত ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে মোট ১৬ হাজার ৬২০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, বাতিল ফ্লাইটের মধ্যে ৪৪টি সরাসরি ফ্লাইট এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
সংশ্লিষ্ট তথ্যে বলা হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে এসব ফ্লাইটের যাত্রা ব্যাহত হয়েছে।
রিফাত/
