প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর হাসপাতাল ও পোস্ট গ্র্যাজুয়েট সার্জারি একাডেমিয়ার যৌথ উদ্যোগে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
- Advertisement -
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে নারীদের উৎসাহিত করতে হবে। পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতামূলক বার্তা পরিবার ও সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং একটি সুস্থ, পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে নারীদের উৎসাহিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে প্রিমিয়ার ইউনিভার্সিটি সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের মধ্য দিয়ে শিক্ষা, সমাজ এবং মানুষের কল্যাণে অবদান রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পারস্পরিক আলোচনা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নতুন উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। তিনি সমাজের সর্বস্তরে ব্রেস্ট ক্যান্সারসহ বিভিন্ন জনস্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর, সহকারী প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিএসসিআর হাসপাতালের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাকেরা আহম্মদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ডা. জিহান নূর ও ডা. সাবরিনা সিলা,ডা.সাকিরা বিল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. অর্পিতা দত্ত।
সমাবেশে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো, রোগটি নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সিএসসিআর হাসপাতালের মার্কেটিং অফিসার মানিক বড়ুয়া,পার্সেজ অফিসার সাইফুদ্দিন ফারুকী ও ডিজিটাল মার্কেটিং অফিসার মো. রতন আলী।
