পরিদর্শনকালে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরিবেশদূষণ রোধে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করেন তিনি
ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টার এবং আজিমপুরের সরকারি আবাসিক এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরিবেশদূষণ রোধে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করেন তিনি।
পরে গ্রিনরোড ও আজিমপুরের সরকারি আবাসিক এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। এলাকার সড়ক ও আশপাশের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে শনিবার একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়। এতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা অংশ নেন। জনসচেতনতা বাড়াতে বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় ক্লিনিং ডে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ ও ডিএসসিসি প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
