‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি রেদওয়ানুল হক ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া।
সভাপতির বক্তব্যে ইউএনও গোলাম রব্বানী সরদার বলেন, যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারিবারিকভাবে পূর্বপ্রস্তুতি ও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। পারিবারিক পর্যায় থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করলে জানমালের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
আলোচনা পর্ব শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জরুরি উদ্ধার অভিযান, অগ্নিনির্বাপণ ও আত্মরক্ষামূলক ব্যবস্থার ওপর এক বাস্তবমুখী মহড়া প্রদর্শন করেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
