
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর ধাহরান সদর দপ্তর কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলায় কমপ্লেক্সের একটি ভবনের ওপরের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধাহরানে অবস্থিত আরামকোর এই কমপ্লেক্স সৌদি আরবের তেল খাতের অন্যতম প্রধান পরিচালনাকেন্দ্র। দেশটির স্থল ও সমুদ্রভিত্তিক তেলক্ষেত্র, পাইপলাইন, শোধনাগার এবং রপ্তানি টার্মিনালের কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ধাহরানের আকাশে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। তবে এর ধ্বংসাবশেষ আরামকোর আবাসিক ও প্রশাসনিক এলাকায় গিয়ে পড়ে। একই রাতে রাজধানী রিয়াদ ও সৌদির দক্ষিণাঞ্চলেও একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি সরকারকে সমর্থন দেওয়ার কারণে গত এক সপ্তাহে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে হুতিরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে চার দফা হামলায় অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।
The post সৌদি আরামকোর সদর দপ্তরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা appeared first on অর্থসূচক.
