গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যবসা সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ‘বিজনেস অপরচুনিটি: এক্সপ্লোর মুকসুদপুর’ শীর্ষক বিশেষ সম্মেলন ও আলোচনা সভা করেছে ইউনিটি গ্রুপ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুকসুদপুরের এভারগ্রীন হাইওয়ে ইন-এ আয়োজিত এ সম্মেলনে গ্রুপটির চলমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক উদ্যোগ, বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন খাতে নতুন পরিকল্পনা তুলে ধরা হয়। ‘মেক ইউনিটি ভিশন-২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান সুমন। সূচনা বক্তব্য ও বিশেষ আলোচনা করেন গ্রুপটির করপোরেট ডিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হাফিজুর রহমান চাতক। মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটি গ্রুপের এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবির।
সম্মেলনে ইউনিটি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের চলমান কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ভূমি উন্নয়ন, আবাসন, প্রপার্টি সলিউশন, পর্যটন ও কৃষি খাতে নতুন ব্যবসায়িক সুযোগ এবং সম্ভাবনাময় উদ্যোগের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুল হাসান সুমন বলেন, “ইউনিটি গ্রুপ সবসময় পারস্পরিক আস্থা, অংশীদারিত্ব ও টেকসই ব্যবসায়িক ভবিষ্যতের ওপর বিশ্বাস করে। মুকসুদপুর ও গোপালগঞ্জ অঞ্চলে ব্যবসার নতুন সম্ভাবনা ও যৌথ অগ্রযাত্রাকে আরও বেগবান করতেই আমাদের এই আয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যবসার নতুন ক্ষেত্র তৈরি এবং অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে ইউনিটি গ্রুপের অন্যান্য পরিচালক ও কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, উদীয়মান উদ্যোক্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত মতবিনিময় করা হয়। এ সময় ব্যবসায়িক সম্ভাবনা, বিনিয়োগের ক্ষেত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত ও ভাবনা তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা।
