‘ভোটচুরি’ এবং এসআইআর পর্বে অনিয়ম নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের আবহেই ছ’টি রাজ্যে রাজ্যপাল পদে রদবদল ও নিয়োগ করল কেন্দ্র। রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর সম্মতির পরে সোমবার রাতে এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়েছে। সিকিম, কেরল, তামিলনাড়ু, ওড়িশা, কর্নাটক এবং উত্তরাখণ্ড রয়েছে এই তালিকায়।
সিকিমের রাজ্যপাল ওমপ্রকাশ মাথুরকে কেরলের রাজ্যপাল করা হচ্ছে। তাঁর পরিবর্তে সিকিমের রাজ্যপাল হচ্ছেন বিজেপি নেতা দুষ্মন্ত গৌতম। কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। গত মার্চে আরএন রবিকে তামিলনাড়ুর রাজ্যপাল পদ থেকে সরিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা হয়েছিল। সেই থেকে বিশ্বনাথ অতিরিক্ত দায়িত্ব সমালাচ্ছিলেন।
এর পাশাপাশি কে হরিবাবুর স্থানে ঝাড়খণ্ডের প্রবীণ বিজেপি নেতা ব্রজমোহন রামকে ওড়িশার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। থাবরচন্দ গহলৌতকে সরিয়ে কর্নাটকের রাজ্যপাল করা হয়েছে হরিয়ানার বিজেপি নেত্রী সুধা যাদবকে। অন্য দিকে, অবসরপ্রাপ্ত সেনাকর্তা গুরমিত সিংহকে সরিয়ে ভোটমুখী উত্তরাখণ্ডের রাজ্যপাল করা হচ্ছে মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি সাংসদ ধল সিংহ বিসেনকে। সংশ্লিষ্ট রাজ্যপালরা নিজ নিজ পদের দায়িত্বভার গ্রহণের দিন থেকেই এই নিয়োগগুলি কার্যকর হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
