Published on
:
2 min read
নুন, চিনি, মশলা কিংবা তেল। মাপ বুঝতে রান্নাঘরে যে চামচ ব্যবহার হয়, সেটাই নতুন আঙ্গিকে এনে ম্যাজিক দেখালেন ভারতীয় ডিজ়াইনার রাহুল আগরওয়াল। ৬ রকম মাপ, মাত্র ২টি ফোল্ডবল চামচে করে ফেলা সম্ভব। এমনই নজরকাড়া ২টি জিনিস বানিয়ে পেয়ে গেলেন সাড়ে ৩ লক্ষ ডলারের বিনিয়োগ। ভারতীয় মুদ্রায় বিনিয়োগের অঙ্ক ৩ কোটি টাকারও বেশি। আমেরিকার শার্ক ট্যাঙ্কের একটি এপিসোডে হাতে-কলমে করে দেখালেন চামচের কাজ। আর তাতেই উচ্ছ্বসিত বিনিয়োগকারীরা।
আমেরিকার জনপ্রিয় স্টার্ট আপ রিয়েলটি শো শার্ক ট্যাঙ্ক (Shark Tank USA)। নানা আইডিয়া, অভিনব পণ্য নিয়ে সেখানে হাজির হন বহু উদ্যোগপতি। সেগুলি দেখে খুশি হলে লগ্নির ঘোষণা করেন অতিথি ও বিচারক হয়ে আসা বড় উদ্যোগপতিরা।
রাহুলের তৈরি অভিনব চামচের কাজ দেখে অনুষ্ঠানেই বিনিয়োগের কথা জানিয়েছেন লোরি গ্রেইনার (Lori Greiner) এবং মিন্ডি কালিং (Mindy Kaling)। রাহুলের সংস্থা Polygons-এর কিছু অংশের শেয়ারের মালিকানার বিনিময়ে এই বিনিয়োগ করছেন ওই দুই জন।
রিয়েলটি শো-এর সিজ়ন ১৮-এর একটি এপিসোডে নিজের পণ্য দেখান রাহুল। সেখানেই চামচের কাজ থেকে অভিভূত হয়ে লরি গ্রেইনার ও মিন্ডি কালিং সাড়ে ৩ লক্ষ ডলার বিনিয়োগের প্রস্তাব দেন। রাহুলের সংস্থার ৮ শতাংশ মালিকানা এবং অতিরিক্ত ২ শতাংশ অ্যাডভাইজ়রি শেয়ার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। রাহুল সেই প্রস্তাব গ্রহণ করেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর
কী বানিয়েছেন রাহুল আগরওয়াল?
সমতল একটি পাতকে আলাদা আলাদা ভাবে ভাঁজ করে চামচের কাজ করা যায়। রান্নার সময়ে উপকরণের পরিমাণ ঠিক রাখতে বিভিন্ন মাপের চামচ ব্যবহার করা হয়। কোথাও আধ চা চামচ, কোথাও এক টেবিলস্পুন-কোথাও আবার এক চামচের একের চার ভাগ। এই মাপে গন্ডগোল হলেই পণ্ড হবে রান্না। এই কাজের জন্য অনেকগুলি চামচ ব্যবহার করতে হয়। সেগুলি একসঙ্গে রাখা যেমন ঝামেলা, তেমনই হারিয়ে যাওয়ারও ভয় থাকে। রাহুলের ভাবনায় ছিল সবকটি একসঙ্গে একটি চামচে ব্যবহার করা যায় কিনা। সেই ভাবনার ভর করে দীর্ঘদিন ধরে নকশা নিয়ে গবেষণা করে রাহুল বানিয়েছেন ২টি পাত। সেগুলিই বিভিন্ন ভাঁজে ভাঁজ করে তৈরি করা যায় চামচ। রাহুলের দাবি, এতে উপকরণের মাপ ঠিক থাকে, তেমনই প্রয়োজন হলে পাউরুটি বা অন্য কোনও কিছুতে স্কুপ করে মাখন বা জ্যাম লাগানো যায়।
রাহুল আগরওয়াল কে?
রাহুল আগরওয়াল একজন ভারতীয় ইন্ডাস্ট্রিয়াল ডিজ়াইনার এবং উদ্যোগপতি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি আমেদাবাদের National Institute of Design (NID) থেকে পড়াশোনা করেছেন। শিল্পপণ্য, প্রডাক্ট ডিজ়াইন এবং UX ডিজ়াইনে তাঁর অভিজ্ঞতা রয়েছে। এখন আমেরিকায় থেকে ব্যবসা করেন, তাঁর সংস্থার নাম Polygons Design। সূত্রের খবর, ২০১৪ সালে কলেজে পড়ার সময় চামচের নকশা নতুন করে বানানোর ভাবনা তাঁর মাথায় আসে। তার পর থেকে শুরু হয়েছিল এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার কাজ।
বিশেষ চামচের খুঁটিনাটি:
চামচগুলি একটি পাতের মতো যখন থাকে। তখন মাত্র ২.৮ মিলিমিটার পুরু। খাদ্যপণ্য ব্যবহারের উপযোগী থার্মোপ্লাস্টিক ও সিলিকন দিয়ে তৈরি। এতে রয়েছে নিওডিমিয়াম ম্যাগনেট। এর সাহায্যে ফ্রিজের গায়েও আটকে থাকে।
এর আগে স্বীকৃতি রাহুল আগরওয়ালের:
রাহুলের কাজ আন্তর্জাতিক স্তরে পরিচিত। একাধিক প্রতিবেদন অনুযায়ী, চামচের এই নকশা ২০টিরও বেশি পুরস্কার পেয়েছে। ওই পণ্যটি Museum of Modern Art-এও জায়গা পেয়েছে। ইতিমধ্যেই ওই পণ্য বিক্রিও হয়েছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।