জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ। স্বামী নিরাপদে থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা... আল্লাহ পাক হেফাজতের মালিক, আমীন।’
পুলিশ জানিয়েছে, গুলির সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। ফলে তাঁর কোনও শারীরিক ক্ষতি হয়নি। তবে কারা এই হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো জানা যায়নি।
সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।
এদিকে, গাড়িতে গুলির ঘটনার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি। এ ঘটনায় এখন পর্যন্ত আসিফ আকবর নিজে কোনও মন্তব্য করেননি।
