ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গয়েশপুর পাঁচপাড়া এলাকায় মাদক ও ইয়াবা ব্যবসা এবং অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে গয়েশপুর পাঁচপাড়া এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সুমন ও মাকসুদা আক্তার নামে দুই ভাইবোন ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁদের দাবি, এর ফলে এলাকার উঠতি বয়সের যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা মাদকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে এলাকাকে মাদকমুক্ত করে অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।
এ ছাড়া মাদক ব্যবসার প্রতিবাদ করা, থানা পুলিশকে খবর দিয়ে এক মাদক কারবারির বাড়ির ছাদ থেকে গাঁজাগাছ উদ্ধারে সহায়তা করা এবং মাদক বিক্রির ভিডিও ধারণের জেরে স্থানীয় যুবক মো. শামীম মিয়াকে (২৮) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁকে ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর মায়ের মোবাইল ফোন চুরির অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শামীম মিয়া বাদী হয়ে ওই ভাইবোনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল হেলিম, গিয়াস উদ্দিন, ভুক্তভোগী শামীম মিয়া, মো. পাভেল, সম্রাট ও সাকিবসহ অন্যরা। এ সময় গয়েশপুর পাঁচপাড়া গ্রামের যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএ
