ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আমরা ঢাকার প্রিয় নগরবাসীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগর উপহার দিতে চাই। নগর উন্নয়নে শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। আজ রোববার হাতিরঝিলে মগবাজার আউটারে নগর বাগান প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় খাল খনন থেকে শুরু করে নগরকে আধুনিকায়ন করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি জোনে বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের কাজ চলমান রয়েছে। সেই চলমান কাজের অংশ হিসেবে আজকে মগবাজারে দীর্ঘদিন পড়ে থাকা অবহেলিত একটি পার্কে একটি বাগান নির্মাণ করা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, আমি ফুটস্টেপস-কে ধন্যবাদ জানাই। তারা দীর্ঘদিন ধরে এই নগরের উন্নয়ন এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে যতগুলো প্রোগ্রাম রয়েছে, সেগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছে। গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন, গুলশান লেকের কী অবস্থা ছিল? গুলশান লেকের অপরিষ্কার পানি ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করে তারা নিজ উদ্যোগে সিটি কর্পোরেশনের সহযোগিতায় ইতোমধ্যে একটি নান্দনিক লেক উপহার দিতে পেরেছে। লেকের পাশে যে দেয়ালগুলো ছিল, সেই দেয়ালে তারা সুন্দর করে গ্রাফিতি এঁকেছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, কয়েক দিন আগে বসিলার ৪০ ফিটের যে খালটি দেখেছেন, আজকে গিয়ে সেই খালটি পরিদর্শন করে আসেন। নিজেরাই দেখতে পাবেন, একটি দৃষ্টিনন্দন ও নান্দনিক খাল তারা উপহার দিতে পেরেছে। যে কাজটি আমাদের সবার মিলে করার কথা ছিল, সেই কাজটি আমাদের যুবসমাজ এবং ফুটস্টেপস করেছে। তারা উদ্যোগ নিয়ে দীর্ঘদিনের অবহেলিত খালটি উদ্ধার করে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে।
তিনি আরও বলেন, আমি প্রিয় নগরবাসীর কাছে একটি অনুরোধ করতে চাই। আপনাদের দেয়া ট্যাক্সে নির্মিত ফুটপাত, সেই ফুটপাত দিয়ে হাঁটার অধিকার আপনাদের। আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে সেই সুযোগ-সুবিধাগুলো দেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলমান কাজ অব্যাহত রাখার চেষ্টা করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন ইফতেখার হোসেনসহ অন্যান্যরা।
