দাম্মামের বিমানবন্দরে হামলা হুথিদের (প্রতীকী ছবি)ছবি: X
Published on
:
1 min read
সৌদি আরবে ফের হামলা চালাল হুথিরা। বুধবার দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে মিসাইল। দাউদাউ করে জ্বলে ওঠে বিমানবন্দরের একাংশ। বৃহস্পতিবার এই হামলায় এক ভারতীয়-সহ দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ২ জন। তাঁদের মধ্যে ভারত, ইয়েমেন এবং বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে।
রিয়াধের ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বিমানবন্দরের ৩ ও ৪ নম্বর টার্মিনালের মাঝামাঝি আছড়ে পড়ে একটি মিসাইল। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় বিমানবন্দর। ততক্ষণে বেশ কয়েক জন যাত্রী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করান তাঁরা। সেখানেই এক ভারতীয়-সহ দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যেও একজন ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে। এ দিন X পোস্টে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস বলেছে, ‘নিহতের পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
নিহত ভারতীয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে দেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি আহতদের চিকিৎসা চলছে বলেও জানিয়েছে দূতাবাস। অন্য দিকে, সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য অ্যাডভাইজ়ারি জারি করেছে দূতাবাস। সেখানে ভিড় এড়িয়ে চলার এবং বিক্ষোভের জায়গায় না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে সৌদি আরবের দক্ষিণ-পূর্বে অ্যারামকোর শায়বা রিফাইনারিতেও হুথিরা হামলার চেষ্টা চালায় বলে দাবি স্থানীয় প্রশাসনের। তবে এয়ার ডিফেন্স সিস্টেম আকাশেই তা প্রতিহত করে। কিন্তু ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে রিফাইনারিতে। তাতে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়। আহত হন এক ভারতীয় ও এক পাকিস্তানি। সৌদির জ্বালানি মন্ত্রক জানিয়েছে, মৃতেরা নেপাল ও ফিলিপিন্সের নাগরিক। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি ঠিকাদার সংস্থার গাড়িতেও আগুন লেগে যায় বলে জানা গিয়েছে।
