শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্বের চেষ্টা ও ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে ক্লাসরুমে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা।
আজ রোববার (১১ অক্টোবর) শ্রেণিকক্ষে এ প্রতিবাদ জানান তিনি। পরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিবাদের বিষয়টি তুলে ধরেন অধ্যাপক সামিনা লুৎফা। ফেসবুক পোস্টে তিনি লিখেন, শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা নস্যাৎ করার পরিকল্পিত চক্রান্ত শিক্ষার্থী-শিক্ষকের সম্পর্কের আস্থা নষ্ট করছে। ভিন্নমত প্রকাশ বা কথা বলার কারণে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাঁদের প্রতি সংহতি জানাতে ব্যক্তিগতভাবে এই প্রতিবাদ করেছেন তিনি।
সামিনা লুৎফা আরও লেখেন, ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে একটি ‘কোড অব কন্ডাক্ট’ বা আচরণবিধি নির্ধারণ করেছেন তিনি। অনুমতি ছাড়া শ্রেণিকক্ষে কী করা যাবে, কী করা যাবে না এবং মতবিরোধ তৈরি হলে তা কীভাবে নিরসন করা হবে, সেসব বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এরপর পাঁচ মিনিট মুখে কালো কাপড় বেঁধে বসে থাকেন তিনি।
পোস্টের শেষে অধ্যাপক সামিনা লুৎফা সবার প্রতি ‘রিক্লেইম ক্লাসরুম’ বা শ্রেণিকক্ষের অধিকার ফিরে পাওয়ার আহ্বান জানান।
এর আগে ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীর সঙ্গে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের আলোচনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ৮ অক্টোবর বিভাগের জরুরি সভায় ওই শিক্ষককে ক্লাস নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। তাঁর নেওয়া কোর্সগুলোও অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়।
