খুলনা গেজেট অক্টোবর ১৫, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
খুলনার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামের আধুনিকায়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, ১৩৭ কোটি টাকার এই মেগা প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে তাঁরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। আগামী ডিসেম্বরে ‘ডি-থ্রি টুর্নামেন্ট’ সফলভাবে আয়োজনের মাধ্যমে এই মাঠ আবার আগের মতো মুখরিত হয়ে উঠবে। ক্রীড়ার উন্নয়ন এবং খুলনার ক্রীড়াবান্ধব পরিবেশ রক্ষায় বর্তমান সরকার ও সংশ্লিষ্টরা অত্যন্ত আন্তরিক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি স্থানীয় ক্রীড়া সংগঠকদের সঙ্গে নিয়ে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিগত কয়েক বছরে স্টেডিয়ামের গ্যালারি, প্রেসিডেন্ট বক্স ও মিডিয়া সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো জরাজীর্ণ হয়ে পড়েছিল। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই জাতীয় ক্রীড়া পরিষদ সংস্কার প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া স্টেডিয়ামটির আগের নাম পরিবর্তন করে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম’ করা হয়েছে।
পরিদর্শনকালে আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া ‘ডি-থ্রি টুর্নামেন্ট’-এর ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করা হয়। মাঠের পরিকাঠামো ও উপযোগিতা খতিয়ে দেখতে হুইপ রকিবুল ইসলাম বকুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, বিসিবি পরিচালক ও নারী উইংয়ের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম তুহিন। এ সময় তারা মিডিয়া বক্স, ইনডোর স্টেডিয়াম, মাঠের অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বিএনপি নেতা শেখ সাদী, অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আলী বাবু, হাবিবুর রহমান বিশ্বাস, আব্দুল আজিজ সুমন, আজিজা খানম এলিজা, ইস্তিয়াক আহমেদ ইস্তি, ভেন্যু ম্যানেজার ও কো-অর্ডিনেটর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাসেলসহ বিএনপি ও বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং বিসিবির কর্মচারীবৃন্দ।
খুলনা গেজেট/এএজে
