আজকাল ওয়েবডেস্ক: রাজভবনের নাম বদলে লোকভবন করার পর এবার ভবনের ছ’টি গেটের নামকরণ করা হল বাংলার বিশিষ্ট মনীষী ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামে।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের জমানায় রাজভবনের নাম পরিবর্তন করে লোকভবন করা হয়েছিল। এবার রাজ্যপাল আর এন রবির উদ্যোগে রাজভবনের ছ’টি গেটের নতুন নামকরণ করা হয়েছে।
রাজভবনের দক্ষিণ দিকের গেটটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের যাতায়াতের জন্য নির্দিষ্ট। সেই গেটের নাম রাখা হয়েছে ‘ঋষি বঙ্কিম দ্বার’। এই গেট দিয়ে ঢুকে রাজভবনের ভিতরের গেট পর্যন্ত যে রাস্তা গিয়েছে, তার নামকরণ করা হয়েছে ‘কর্তব্য পথ’।
অন্যদিকে, রাজভবনের উত্তর দিকের প্রধান গেট, যা সাধারণ মানুষ-সহ বিভিন্ন ব্যক্তির প্রবেশের জন্য ব্যবহৃত হয়, তার নাম দেওয়া হয়েছে ‘কবিগুরু দ্বার’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারেই এই নামকরণ।
রাজভবনের অন্যান্য গেটের নামও বাংলার বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে রাখা হয়েছে। এজি বেঙ্গল ও কলকাতা হাই কোর্টের দিকের যে গেটটি রাজ্যের মুখ্যমন্ত্রীর যাতায়াতের জন্য নির্দিষ্ট, তার নাম দেওয়া হয়েছে ‘ডক্টর বিধানচন্দ্র রায় রোড’।
উত্তর-পশ্চিম দিকের গেটের নাম রাখা হয়েছে ‘ক্ষুদিরাম বোস দ্বার’। এছাড়া, পূর্ব দিকের গেটের নামকরণ করা হয়েছে ‘সিধু-কানু দ্বার’। উত্তর-পূর্ব দিকের গেটটির নাম দেওয়া হয়েছে ‘রাজা রামমোহন রায় দ্বার।’
https://youtu.be/JwFdq_tA9cE?si=CcviVJ8pZrhnzdBj
রাজভবনের প্রবেশপথগুলির এই নামকরণের মাধ্যমে বাংলার সাহিত্য, সমাজ সংস্কার, স্বাধীনতা সংগ্রাম এবং আদিবাসী আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণ করা হয়েছে। নতুন নামকরণে রাজভবনের বিভিন্ন প্রবেশপথের পরিচিতিও বদলাল। তবে প্রতিটি নামের আগে অশোক স্তম্ভ খোদাই করা হয়েছে।
