সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে তাকালে জ্বল জ্বল করতে দেখা যাবে তাকে। সে আসলে সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ। যে সূর্যকে প্রদক্ষিণ করে ঘোরে বুধ, তার সবচেয়ে পূর্বতম বিন্দুতে পৌঁছোবে সে। ১২ অক্টোবর, সোমবার সন্ধ্যার আকাশে সূর্যের ২৫ ডিগ্রি পূর্বে তাকে দেখা যাবে। তবে সব জায়গা থেকে হয়তো সমান ভাবে তাকে দেখা যাবে না।
বুধ সূর্যের নিকটতম গ্রহ। তার কক্ষপথ সূর্যের খুবই কাছে। সে কারণে পৃথিবীর আকাশে তাকালে বুধকে সূর্যের থেকে খুব দূরে দেখা যায় না। বেশির ভাগ সময়ই তাদের কাছাকাছি দেখা যায়। বুধ যখন সূর্যের পূর্বে তার সর্বোচ্চ কৌণিক দূরত্বে পৌঁছোয়, তখন তাকে বলে ‘গ্রেটেস্ট ইস্টার্ন ইলঙ্গেশন’।
এই অবস্থানের কারণেই সূর্যাস্তের পরে অনেক ক্ষণ ধরে দেখা যায় বুধকে। কারণ এই সময় সূর্য দিগন্তের নীচে তলিয়ে গেলেও বুধকে দীর্ঘক্ষণ আকাশে জ্বলজ্বল করতে দেখা যাবে।
সূর্য থেকে পূর্বে সর্বোচ্চ কৌণিক দূরত্বে বুধ পৌঁছোবে বিকেল সাড়ে ৩টে নাগাদ (ভারতীয় সময়)। তবে তখন তাকে ভাল ভাবে দেখা যাবে না। সূর্যাস্তের পরে দেখা যাবে বুধকে। সঙ্গে দেখা মিলবে একফালি চাঁদ। দক্ষিণ গোলার্ধের বেশির ভাগ দেশ— অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, চিলি, আর্জেন্তিনা থেকে এই দৃশ্য দেখা যাবে। ব্রিটেন, ভারত থেকেও দেখা যাবে। সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে চোখ রাখতে হবে। ভাল করে দেখতে চাইলে ব্যবহার করতে হবে টেলিস্কোপ। তবে কতটা ভাল ভাবে দেখা যাবে, তা নির্ভর করবে আকাশের উপরে।
