মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “সরকার নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এই কার্ড বিতরণে কেউ অনিয়ম করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাবেন। অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ডের জন্য নির্দিষ্ট কর্মী নিয়োগ করা হয়েছে। তাঁরা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমেই প্রকৃত উপকারভোগী পরিবারগুলো চিহ্নিত করা হবে। এজন্য সাধারণ মানুষকে কোনো ধরনের দৌড়াদৌড়ি বা তদবির করতে হবে না।”
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমরা বিএনপি যখন যা বলি, তা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করি। নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে টাঙ্গাইল থেকেই কৃষক কার্ডের কার্যক্রম উদ্বোধন করেছেন। এ ছাড়া ইমাম-মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। গত সাত মাসে এই সরকার জনগণের সঙ্গে করা প্রতিটি ওয়াদা একে একে বাস্তবায়ন করে যাচ্ছে।”
আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “পূজামণ্ডপগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি তৎপর রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি রাখছে।”
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী এবং সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পূজার চালের ডিও এবং টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের পূজামণ্ডপের জন্য আর্থিক অনুদান সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
জেএইচআর
