নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনগুলোতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশির মাধ্যমে সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতেই আধুনিক এসব যন্ত্রপাতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে নিরাপত্তাসংক্রান্ত যন্ত্রপাতি সংগ্রহের জন্য ইতোমধ্যে অনলাইন দরপত্র আহ্বান করেছে সংস্থাটি। ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গত ১৯ অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে এই ই-দরপত্র আহ্বান করেন।
বিজ্ঞপ্তিতে যোগ্য ও আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধনের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দরপত্রের শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য ই-জিপি পোর্টাল এবং সংশ্লিষ্ট হেল্পডেস্ক থেকে জানা যাবে।
এদিকে, একই বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচলব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের বার্ষিক তদারকি করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে।
মেট্রোরেলের স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপিত হলে যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। তবে এসব সরঞ্জাম স্থাপন ও চালুর নির্দিষ্ট সময়সূচি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

