অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় ফিলিস্তিনিদের সঙ্গে থাকা ওয়াশিংটন পোস্টের এক মার্কিন আলোকচিত্রীর ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংবাদমাধ্যমটির জ্যেষ্ঠ ফটোসাংবাদিক হেইডি লেভিন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের হয়ে কর্মরত প্রবীণ এই আলোকচিত্রী জানান, একদল উগ্র বসতি স্থাপনকারীকে তাঁদের দিকে তেড়ে আসতে দেখে তিনি সঙ্গে থাকা ফিলিস্তিনিদের নিয়ে পেছনে সরে যেতে শুরু করেন।
ভিডিও বার্তায় হামলার অভিজ্ঞতা বর্ণনা করে লেভিন বলেন, বসতি স্থাপনকারীরা তাঁকে মাটিতে ফেলে এলোপাতাড়ি লাথি মারতে থাকে। তাঁর সঙ্গে ক্যামেরার ব্যাগ, পাসপোর্টসহ একটি ছোট ব্যাগ এবং গলায় ঝোলানো মোবাইল ফোন ছিল। হামলাকারীরা গলার দড়ি ছিঁড়ে ফোন, ক্যামেরা ও ব্যাগ ভেঙে ফেলে এবং তাঁকে অনবরত লাথি মারতে থাকে। পুরো ঘটনাকে চরম উন্মাদনা বলে বর্ণনা করেন তিনি। এ সময় কাউকে হামলা থামানোর চেষ্টা করতে দেখেননি বলেও জানান লেভিন।
ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘অভিভাবকেরা কী করে এমন দানব গড়ে তোলেন, তা আমার মাথায় আসে না। তারা মানুষ হিসেবে গণ্য হওয়ারই যোগ্য নয়। হ্যাঁ, তারা স্পষ্টতই ইহুদি সন্ত্রাসী। আর দুঃখের বিষয় হচ্ছে, আমি নিশ্চিত তাদের কাউকেই আইনের আওতায় আনা হবে না।’
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হামলার সময় লেভিনের গায়ে ‘প্রেস ভেস্ট’ ছিল। এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এমন অহেতুক ও বর্বরোচিত হামলায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে তারা।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা একদল বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের লক্ষ্য করে পাথর ছুড়ছে। এ সময় অন্তত পাঁচজন বসতি স্থাপনকারী লেভিনকে ঘিরে ধরে মাটিতে ফেলে দেয়। তিনি দুই হাতে মুখ ঢেকে আত্মরক্ষার চেষ্টা করলেও তাঁকে মারধর করা হয়।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, বসতি স্থাপনকারীদের মারধরে আহত ৬৩ বছর বয়সী এক নারী ও ৪০ বছর বয়সী এক পুরুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই এলাকায় ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহের মৌসুম শুরুর পর থেকেই ধারাবাহিকভাবে সহিংসতার ঘটনা ঘটছে। গত বছরও পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং নিজ জমিতে প্রবেশে বাধা দেওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছিল।
ফরেইন প্রেস অ্যাসোসিয়েশন (এফপিএ) জানিয়েছে, হামলার পর লেভিনকে দ্রুত রামাল্লার সরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় সেখানে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে হাসপাতালের বিছানায় তাঁর হাত ও পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বিশ্রাম নিতে দেখা গেছে।
এমএ
