ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের ‘শিশুর মতো’ আচরণের জন্য তীব্র সমালোচনা করেছেন ক্লাবটির সাবেক তারকা ওয়েইন রুনি। দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস ও ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে নিজেদের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন তিনি। রুনির মতে, নিজেদের ব্যর্থতার দায় না নিয়ে অন্যদের ওপর দোষ চাপাচ্ছেন ইউনাইটেডের খেলোয়াড়েরা। তাদের এই স্বার্থপর আচরণ দলের ড্রেসিংরুমের পরিবেশও নষ্ট করতে পারে।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার কোমোর কাছে ৪-১ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে আলোচনার জন্ম দেন ব্রুনো ফার্নান্দেস। এর আগে একই ধরনের সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছিলেন মার্তিনেজও। ইতালিতে ম্যাচের পরিকল্পনা নিয়ে কোচ মাইকেল ক্যারিকের সমালোচনা করেন ব্রুনো। অন্যদিকে, ক্লাবের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দলটির পরিচালক জেসন উইলকক্সের দিকে আঙুল তুলেছিলেন মার্তিনেজ।
এই হারের পর ক্যারিকের দায়িত্ব নিয়েও বাড়তে থাকে আলোচনা-সমালোচনা। তবে ম্যানইউর সাবেক অধিনায়ক রুনির অভিযোগ, ব্রুনো ও মার্তিনেজ নিজেদের স্বার্থকে দলের চেয়ে বড় করে দেখছেন। ‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ পডকাস্টে কথা বলতে গিয়ে রুনি বলেছেন, ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে ক্লাবের পরিচালনা পর্ষদের কাছ থেকে স্পষ্ট বক্তব্যও প্রয়োজন। একই সঙ্গে মার্তিনেজের সাক্ষাৎকার নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
রুনি বলেন, ‘মার্তিনেজ যখন কথা বলেছিল, তখনই আমি বলেছিলাম, এটা একেবারে দুঃস্বপ্নের মতো পরিস্থিতি। কারণ, এতে ড্রেসিংরুম ভেঙে যেতে পারে। সেখান থেকেই সবকিছুর শুরু।’ এরপর ব্রুনোর সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখন আমরা ব্রুনোকেও একই কাজ করতে দেখেছি। সামনে আরও খেলোয়াড় এমনটা করবে। কারণ, ওই খেলোয়াড়েরা নিজেদের দায় নিতে চায় না।’
ব্রুনো যা বলেছেন, তা ঠিক না ভুল, সেটি নিয়ে বিতর্ক হতে পারে বলে মনে করেন রুনি। তবে তার মতে, মাঠে নিজেদের পারফরম্যান্সের দায় খেলোয়াড়দেরই নিতে হবে। রুনি বলেন, ‘ব্রুনো যা বলেছে, তা ঠিক ছিল নাকি ভুল, সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। কিন্তু মাঠে আপনাকে নিজের দায়িত্ব নিতে হবে। খেলোয়াড়দের দল হিসেবেও দায়িত্ব নিতে হবে। এমন সময় গেছে, যখন আমি ও স্যার অ্যালেক্স ফার্গুসন একে অপরের সঙ্গে কথা বলতাম না। কিন্তু মাঠে তার জন্য আমি ইটের দেয়াল ভেঙেও লড়তে প্রস্তুত ছিলাম।’
আরও পড়ুন
ম্যানইউর বর্তমান খেলোয়াড়দের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এই খেলোয়াড়েরা স্বার্থপর। তারা নিজেদের কথা ভাবে। সতীর্থদের কথা ভাবে না, কোচের কথা ভাবে না, স্টাফদের কথা ভাবে না, সমর্থকদের কথাও ভাবে না। তারা শুধু নিজেদের নিয়েই ভাবে।’
খেলোয়াড়দের আচরণ বোঝাতে গিয়ে রুনি আরও কঠোর ভাষা ব্যবহার করেছেন। তার মতে, নিজেদের পছন্দমতো কিছু না হলেই খেলোয়াড়েরা শিশুর মতো প্রতিক্রিয়া দেখান এবং ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে দেন। রুনির ভাষায়, ‘তারা যদি নিজেদের জন্য যা চায়, তা না পায়, তাহলে শিশুর মতো আচরণ করে। রাগ করে খেলনা ছুড়ে ফেলার মতো পরিস্থিতি তৈরি করে এবং নিজেদের ছাড়া অন্য সবার ওপর দোষ চাপাতে শুরু করে। অথচ তাদের নিজেদের দিকে তাকানো উচিত।’
আরও পড়ুন
ব্রুনো ফার্নান্দেসের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন রুনি। তার মতে, ম্যানইউতে যোগ দেওয়ার পর সম্ভবত এটাই ব্রুনোর সবচেয়ে বাজে ফর্মের সময়গুলোর একটি। নিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখোমুখি না হতেই ব্রুনো অন্যদের ওপর চাপ তৈরি করছেন বলে মনে করেন সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড।
রুনি বলেন, ‘ব্রুনো সম্ভবত ক্লাবে আসার পর থেকে নিজের সবচেয়ে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে। আবারও সে অন্য কারও ওপর চাপ তৈরি করছে। আর এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কারণ, সে নিজের পারফরম্যান্সের মুখোমুখি হতে চায় না।’
সবশেষে ব্রুনো, মার্তিনেজসহ ইউনাইটেডের সব খেলোয়াড়কে আত্মসমালোচনার পরামর্শ দিয়েছেন রুনি। তিনি বলেন, ‘ব্রুনো যদি আয়নায় নিজের দিকে তাকায়, মার্তিনেজ যদি আয়নায় নিজের দিকে তাকায়, দলের সব খেলোয়াড় যদি তা করে, তাহলে আয়নায় তারা যাকে দেখতে পাবে, সে আর কেউ নয়, তারা নিজেরাই। আর তাদের এই পারফরম্যান্স কোনোভাবেই যথেষ্ট নয়।’
অনিক/
