PSG-র হয়ে গোল করে ভিতিনহাছবি: Instagram/psg
Published on
:
1 min read
প্যারিসের বিদ্রোহের ছাপ এ বার পড়ল ক্রীড়াক্ষেত্রেও। ফরাসি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ক্ষোভের আগুনের কারণে পিছিয়ে গেল প্যারিস সাঁ জাঁম (PSG) বনাম অলিম্পিক লিওঁ (Lyon) ম্যাচ। রবিবার রাতে পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্যারিস পুলিশের নিষেধাজ্ঞার জেরে লিগ দে ফুটবল প্রফেশনাল (LFP) শুক্রবার এক বিবৃতি জারি করে ম্যাচটি ২৪ ঘণ্টা পিছিয়ে সোমবার, ২৬ অক্টোবর আয়োজনের ঘোষণা করেছে।
বিক্ষোভ হিংসার রূপ নেয়
ফ্রান্সে এই মুহূর্তে গণবিক্ষোভের রূপ মারাত্মক আকার নিয়েছে। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও বেহাল দশা এবং জীবনযাত্রার লাগামছাড়া খরচের প্রতিবাদে রাজপথে নেমেছেন কয়েক লাখ সাধারণ নাগরিক। গত ১৭ অক্টোবর ফ্রান্সের একাধিক বড় শহরে ছাত্র সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলির মিছিলে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। সেই বিক্ষোভ ধীরে ধীরে হিংসার রূপ নেয়। মার্সেই ও লিলের মতো ফুটবল ক্লাবের অফিশিয়াল স্টোরেও দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে লুটপাট চালায়। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহান্তে প্লেস দে লা বাস্তিল থেকে আরও বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে অবশ্য প্যারিসে NFL-এ পিটসবার্গ স্টিলার্স বনাম নিউ অরলিন্স সেইন্টসের মধ্যে ম্যাচ হচ্ছে। এই ম্যাচটি ফ্রান্সের মাটিতে প্রথম কোনও আমেরিকান ফুটবল লিগের ম্যাচ। স্টেডিয়ামে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ ও স্পেশ্যাল ট্যাকটিক্যাল ইউনিট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিসের এমন পরিস্থিতিতে NFL কর্তৃপক্ষের ম্যাচ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে NFL-এর ম্যাচ হলেও PSG বনাম লিওঁ-র ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হলো।
মাঠের লড়াইয়ের নিরিখে এই ম্যাচটি ফরাসি লিগ ওয়ানের শিরোপা দৌড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে বর্তমান ফরাসি ও ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি-কে পেছনে ফেলে টেবিলের শীর্ষে লিওঁ।
