চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০টি মশক নিধন মেশিন, প্রয়োজনীয় জনবল, পাঁচটি গারবেজ ট্রাক এবং ডেঙ্গুর প্রজননস্থল হিসেবে চিহ্নিত তিনটি বিল পরিষ্কারের বরাদ্দ চেয়েছেন সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ১০টি মশক নিধন মেশিন, প্রয়োজনীয় জনবল ও ময়লা-আবর্জনা অপসারণের জন্য পাঁচটি গারবেজ ট্রাক বরাদ্দ চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। একই সঙ্গে ডেঙ্গু মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত বড় তিনটি বিল পরিষ্কারের জন্যও বরাদ্দ দাবি করেছেন তিনি।
এসব দাবি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন নূরুল ইসলাম বুলবুল। প্রতিমন্ত্রী দেশের বাইরে অবস্থান করায় গত কয়েক দিন তাঁর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়নি।
সাক্ষাৎকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
পৌরসভার পর্যাপ্ত যানবাহন, পরিচ্ছন্নতাকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকট দূর করে ডেঙ্গু নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
