সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম দেশটির দেওয়া বন্দি তালিকায় ছিল। তবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বা সাজা কার্যকরের বিষয়ে কোনো তথ্য উল্লেখ ছিল না ওই তালিকায়। গত ১৪ অক্টোবর মক্কায় তাদের মৃত্যুদণ্ড কার্যকরের পর বিষয়টি জানতে পারে বাংলাদেশ। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকা। একই সঙ্গে পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, গত সেপ্টেম্বরে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সৌদি কর্তৃপক্ষের কাছে ওই অঞ্চলে বন্দি বাংলাদেশিদের বিষয়ে তথ্য চেয়েছিল। জবাবে সৌদি কর্তৃপক্ষ যে তালিকা পাঠায়, তাতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নামও ছিল। তবে তাদের বিরুদ্ধে দেওয়া রায় বা সাজার বিষয়ে কোনো তথ্য ছিল না।
তালিকায় একজনের বিরুদ্ধে ‘অনৈতিক কাজ’ এবং অন্যজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল। ফলে শুধু ওই তালিকার তথ্যের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা ব্যক্তি হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়নি।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক কর্মকর্তা জানান, বন্দিদের তালিকা পাওয়ার পর প্রত্যেকের মামলার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সবার জন্য তাৎক্ষণিকভাবে কনস্যুলার সহায়তা নিশ্চিত করা কঠিন। তবে বাংলাদেশ মিশন নিয়মিত সৌদি আরবের বিভিন্ন কারাগার পরিদর্শন করে বন্দিদের সহায়তা দেওয়ার চেষ্টা করে। এসব উদ্যোগে কিছু ক্ষেত্রে বন্দিদের সাজা কমানোও সম্ভব হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির কেউ কনস্যুলার সহায়তা চেয়ে তাদের কাছে আবেদন করেননি।
পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে এ বিষয়ে কিছু জানায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় বাংলাদেশ সরকার সৌদি আরবের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছে।
এর ধারাবাহিকতায় গত রোববার বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে দুই বাংলাদেশির গ্রেপ্তার, বিচার, মৃত্যুদণ্ডের রায় এবং সাজা কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়। এ জন্য ইলেকট্রনিক মাধ্যমে পাঠানো কূটনৈতিক চিঠি বা নোট ভারবালের অনুলিপিও রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়।
সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রমকল্যাণ উইং মৃত্যুদণ্ড কার্যকরের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় জানায়, মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের বিচার শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং গত ১৪ অক্টোবর সেই সাজা কার্যকর করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সৌদি কর্তৃপক্ষ এর আগে বাংলাদেশকে প্রায় ২ হাজার ৫০০ বন্দির একটি তালিকা দিয়েছিল। ওই তালিকায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নামও ছিল। তবে এত বিপুলসংখ্যক বন্দির প্রতিটি মামলার নিয়মিত খোঁজখবর রাখা একটি মিশনের পক্ষে কঠিন। তালিকা পাওয়ার পর ঝুঁকিতে থাকা ব্যক্তি ও জরুরি মামলাগুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়।
এদিকে, পুরো ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তথ্য সংগ্রহ ও যোগাযোগের ক্ষেত্রে কোথায় ঘাটতি ছিল, তা চিহ্নিত করতে সৌদি আরবে বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনকে বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই বাংলাদেশির মামলার বিচারপ্রক্রিয়া, রায় এবং সাজা কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।
