অঙ্কিতা ভাণ্ডারীর মা-বাবার পাশে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীছবি: X
Published on
:
2 min read
দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় বসেছেন চার বছর আগে উত্তরাখণ্ডে নিহত অঙ্কিতা ভাণ্ডারীর মা-বাবা। বুধবার সন্ধ্যায় তাঁদের সঙ্গে গিয়ে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও ওয়ানাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁরা প্রতিবাদেও যোগ দেন। প্রাক্তন বিজেপি নেতা দুষ্মন্ত কুমার গৌতমকে সিকিমের রাজ্যপাল পদে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
ঋষিকেশের একটি রিসর্টের রিসেপসনিস্ট ছিলেন অঙ্কিতা। ২০২২-এর সেপ্টেম্বরে চিল্লা খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ‘ভিআইপি’ অতিথিকে ‘বিশেষ পরিষেবা’ দেওয়ার জন্য অঙ্কিতাকে চাপ দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। খুনের ঘটনায় অভিযুক্ত পুলকিত আর্য, সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
কিন্তু অঙ্কিতার বাবার অভিযোগ, তাঁর মেয়ের খুনে এক ভিআইপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই প্রসঙ্গে সরাসরি গৌতমের নাম নিয়েছেন তিনি। অঙ্কিতার বাবার কথায়, ‘আমরা শুনেছি, মেয়ের খুনে ওই ভিআইপির বড় ভূমিকা ছিল। অথচ এখন কেন্দ্র ও উত্তরাখণ্ড সরকার তাঁকেই সিকিমের রাজ্যপাল করেছে।’
তবে এখনও পর্যন্ত গৌতমের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও প্রমাণ মেলেনি। গৌতম নিজেও সব অভিযোগ অস্বীকার করেছেন। এমনকী যাঁরা এই অভিযোগ করেছেন, তাঁদের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন তিনি। তবে অঙ্কিতার পরিবার এই দাবি মানতে রাজি নন। তাঁকে রাজ্যপাল করার সিদ্ধান্তের বিরুদ্ধেই এ দিন ইন্ডিয়া গেটে অবস্থানে বসেছেন অঙ্কিতার বাবা-মা। তাঁদের সঙ্গে দেখা করে অবস্থানে সামিল হন রাহুল গান্ধীও।
পরে X হ্যান্ডলে একটি পোস্টে রাহুল লিখেছেন, ‘চার বছর পেরিয়ে গেলেও অঙ্কিতা ভাণ্ডারীর পরিবার আজও বিচার পায়নি। অথচ এক অভিযুক্ত ভিআইপি সুরক্ষা পেয়েছেন। এমনকী তাঁকে সাংবিধানিক পদে পুরস্কৃত করা হয়েছে।’ রাহুল জানিয়েছেন, মেয়ের বিচারের দাবিতে বহু দূর থেকে ইন্ডিয়া গেটে এসেছেন অঙ্কিতার বাবা-মা। তাঁদের শোক এবং ন্যায়বিচারের লড়াইয়ে তিনি ও কংগ্রেস তাঁদের পাশে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ি, পবন খেরা এবং যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিবও।
