ঢাকা,১৮ অক্টোবর-২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির জন্য সর্বশেষ তৃতীয় ধাপের আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর থেকে এ ধাপের আবেদন শুরু হবে, যা ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে।
শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির জন্য এটিই সর্বশেষ তৃতীয় ধাপ হিসেবে বিবেচিত হবে।
নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd ) ব্যবহার করে শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে হবে।
আগামী ২৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ৩০ অক্টোবর ২০২৬ রাত ৮টায় আবেদনের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ৩০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ ধাপের মাইগ্রেশনের ফল ১ নভেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২ থেকে ৩ নভেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি অথবা চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও নিশ্চয়ন না করা কিংবা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি, তারা তৃতীয় ধাপে আবেদন করতে পারবে।
যেসব শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তাদের নতুন করে অনলাইন আবেদন ফি ২২০ টাকা দিতে হবে না। তবে আগে নিশ্চয়ন করা শিক্ষার্থীরা এ ধাপে আবেদন করতে চাইলে আগামী ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চয়ন বাতিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে ব্যর্থ হলে পরবর্তী পরিস্থিতির জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬
