নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রেমিক ও প্রেমিকা দুজনই প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনা চলাকালে মোটরসাইকেলটি চালকের আসনে ছিল ১৭ বছর বয়সী এক কিশোরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম অয়ন হোসেন (২২)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। অন্য নিহত ব্যক্তি ১৭ বছর বয়সী ওই কিশোরী, যার বাড়ি চৌগাছা পৌরশহরে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও ওই কিশোরী একটি নম্বরবিহীন ১৫০ সিসির সুজুকি মোটরসাইকেল নিয়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি ওই কিশোরী নিজে চালাচ্ছিল। তারা চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগতির পিকআপের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুইজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তরুণ অয়ন হোসেনকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত কিশোরীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের (রেফার) নির্দেশ দেন। তবে ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, প্রাথমিক তথ্যানুযায়ী নিহত তরুণ-তরুণী সম্পর্কে প্রেমিক-প্রেমিকা ছিলেন এবং দুর্ঘটনার সময় বাইকটি কিশোরী নিজেই চালাচ্ছিল। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
