মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী ও মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে যুবকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিজ্ঞাপন
শুক্রবার নগরীর পুরাতন চান্দগাঁওয়ে থানা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে মনোনীত হওয়ার সুযোগ নেই। দলীয় ফোরামে নির্বাচিত হয়েই প্রার্থী হতে হয়। দলের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ব্যক্তিবিশেষের ইচ্ছার পরিবর্তে দলীয় প্রক্রিয়াই অনুসরণ করা হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। একটি অপরাধমুক্ত ও নৈতিকতাভিত্তিক সমাজ গঠনে তরুণদের সচেতনতা, দায়িত্বশীলতা ও সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।
চান্দগাঁও থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নগর যুব বিভাগের সেক্রেটারি আ ন ম জুবায়ের।
এ সময় আরও বক্তব্য দেন চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন সরকার, থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাইসুর রহমান চৌধুরী তিতু, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।
