প্র্যাক্টিসে ভুবনেশ্বরEi Samay
Published on
:
1 min read
এই সময়: ওয়েস্ট ইন্ডিজে়র এই ভারত সফরকে ক্যারিবিয়ান ক্যাপ্টেন শি হোপের সফর বললেও বাড়াবাড়ি হয় না। ওয়ান ডে সিরিজ়ে তিন ম্যাচে দুটি সেঞ্চুরি সহ ২৪৮ বলে ২৭৮ রান, টি–টোয়েন্টিতে চার ম্যাচে দুটি সেঞ্চুরি সহ ১৩৫ বলে ২৬১ রান। ব্যাপারটা দাঁড়িয়েছে, হোপকে আউট করতে পারলে ভারতের জয়ের সম্ভাবনা থাকছে, না হলে থাকছে না।
আজ বেঙ্গালুরুতে ঠিক হবে, সিরিজ় কে জিতবে। পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ২–২। আজ বেঙ্গালুরুতে পঞ্চম ও শেষ ম্যাচে বৃষ্টি ভোগাতে পারে দুটো টিমকে। এই ফর্ম্যাটে পরপর দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তাদের হারিয়ে সিরিজ় জয়ের হাতছানি হোপের টিমের সামনে আছে। ঠিক তেমনই হোপকে শুরুতে ফেরাতে ‘হোপফুল’ ভারত।
তার উপরে আগের ম্যাচে ব্যাট করতে গিয়ে চোট পেয়ে এই ম্যাচে নেই অর্শদীপ সিং। তার বদলে টিমে ডেকে নেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে। যিনি নিউ জিল্যান্ড সফরে টিমে আছেন। তবে আজ প্রথম এগারোয় থাকবেন কি না, বলা কঠিন। এ ছাড়া ভারতীয় ব্যাটিংকে সমস্যায় ফেলতে শুরুতে আনা হচ্ছে অফস্পিনার রস্টন চেজ়কে। যিনি দুই বাঁ হাতি অভিষেক শর্মা ও ঈশান কিষানকে দু’বার আউট করেছেন। কেউ কেউ মনে করছেন, ইন্দোরে আগের ম্যাচে কুলদীপকে খেলানো যেতে পারত। কিন্তু সেই ম্যাচে হারলেও চিন্নাস্বামীতে কুলদীপকে নামানো হবে, তার নিশ্চয়তা নেই। কারণ এখানেও বাউন্ডারি ছোট। সে ক্ষেত্রে তাঁকে খেলানোর ঝুঁকি না–ও নেওয়া হতে পারে।
চিন্নাস্বামীর অতীত ইতিহাস বলে, এই মাঠ ব্যাটারদের স্বর্গ। বৃষ্টি হলে যে কোনও টিম টস জিতলে পরে ব্যাট করতে চাইবে। এই সিরিজ়ে সাধারণত টস জিতে ফিল্ডিং নেওয়াটাই নিয়ম করে ফেলেছেন দুই দেশের ক্যাপ্টেন। এখানেও তা–ই হওয়ার সম্ভাবনা।
