আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই আইনজীবীকে চার দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একই ঘটনায় গ্রেফতার এক আইনজীবীর ছোট ভাই নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নার এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া দুই আইনজীবী হলেন- অ্যাডভোকেট জিয়াউল হক কাজল ও অ্যাডভোকেট মাহাবুবুর রহমান। বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে তাদের ও নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে, তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিম্ন আদালতে ওই মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও আইভীর পুনরায় জামিনের জন্য দিন ধার্য ছিল। শুনানির সময় তার আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের ঘিরে ছিলেন আইভী। তখন তিনি ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দেন। পরে নেতাকর্মীরাও স্লোগান দেন। এ সময় গ্রেফতার ব্যক্তিরা আইভীর পাশেই অবস্থান করছিলেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ওই ঘটনার পর আইভীর দুই আইনজীবী ও এক আইনজীবীর ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার ভিডিও ফুটেজে গ্রেফতার আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়নি। আইনজীবী জিয়াউল ইসলাম কাজলকে আইভীর পাশে মামলার কাগজপত্রের ফাইল হাতে হাঁটতে দেখা গেছে।
আওলাদ হোসেন আরও বলেন, আমরা আদালতে রিমান্ডের বিরোধিতা করে আবেদন করেছি। আদালতকে জানিয়েছি, যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, সেই মামলার এজাহারে তাদের নাম নেই।
মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
