ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলায় এক বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। গতকাল শনিবার পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই বাড়িতে অবৈধভাবে বাজি তৈরি করা হচ্ছিল। নিহত পাঁচজনের মধ্যে দুজনই শিশু। পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন আমরুদ্দিন আহমেদ (৭০), মুশকাল সিদ্দিকি (২০), খুশবু সিদ্দিকি (১০), আরশাদ সিদ্দিকি (৮) এবং রাজকুমার ওরফে ভোলা (৩৫)। বিস্ফোরণের পর মরদেহগুলো সিওয়ান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে। সিওয়ানের পুলিশ সুপার ভারত সোনি জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে এ ঘটনায় আহত কেউ ভর্তি নেই। তবে স্থানীয়দের বক্তব্য, বিস্ফোরণে হালকা আহত কয়েকজন পুলিশ বা সংশ্লিষ্ট দপ্তরে খবর দেননি। তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিশ সুপার বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। অবৈধ বাজি তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক কোথা থেকে এসেছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তিনি আরও জানান, বাড়িতে কীভাবে বিস্ফোরণ ঘটল, কতটা বিস্ফোরক মজুত ছিল এবং কারা এই অবৈধ কাজে যুক্ত ছিলেন এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
The post বিহারে বাড়িতে অবৈধ বাজি তৈরির সময় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৫ first appeared on দৈনিক আজকের জামালপুর.
