নারায়ণগঞ্জে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৯:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছে সরকার। আহতদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, হামলার ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। আহত অনেকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শ্রম উইং তাঁদের খোঁজখবর নিচ্ছে। তিনি নিজেও আহত একজনের বাবার সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করতে হবে।
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক। বিমানবন্দরে হয়রানির নির্দিষ্ট অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ই-মেইলে পাঠানোর অনুরোধ জানান তিনি।
এদিকে নারায়ণগঞ্জের শ্রমজীবী নারীদের নিরাপদ আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে শ্রম কল্যাণ কেন্দ্রের মহিলা হোস্টেল এবং পাঁচ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। তিনি জানান, আগামী ৭ নভেম্বর প্রতিষ্ঠান দুটি আনুষ্ঠানিকভাবে পুনরায় চালুর লক্ষ্যে কাজ চলছে।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

