দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে। এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।
এর আগে, ৬ অক্টোবর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকায় পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।
