রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে বিগার রুবেল ও রিয়াজ ওরফে জোটন নামের ২ আসামিকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন নবীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আদাবর থানায় দায়ের করা একটি মামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার বিগার রুবেলের (৩০) বাবার নাম মৃত সাইদুল এবং মায়ের নাম রোজিনা। তিনি নবীনগর হাউজিং এলাকায় থাকতেন। অপর আসামি রিয়াজ ওরফে জোটনের (২৫) বাবার নাম আব্দুল মান্নান গাজী এবং মায়ের নাম শেফালী। তার বাড়ি আদাবরের শ্যামলী হাউজিংয়ের দ্বিতীয় প্রকল্প এলাকায়।
পুলিশ জানায়, বিগার রুবেলের বিরুদ্ধে ১০টি এবং জোটনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।
এসএএ/আরএফ
