মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে সহযোগিতার আহ্বান, সচেতনতা তৈরিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব
আবুল হাসনাত তুহিন, ফেনী প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বাড়াতে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে নবাবপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ভোরবাজার স্কুলগেট থেকে র্যালিটি শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেমের উদ্যোগে এবং নবাবপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন বাবুল, আবদুল কাইয়ুম, ওমর ফারুক, তৌহিদ, শাহাদাত হোসেন ফরহাদ, সাজু, মামুনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় ওমর ফারুক বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সোনাগাজী মডেল থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। নবাবপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তালিকা তৈরির পাশাপাশি তদন্তসাপেক্ষে তাঁদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে। এতে সুস্থ ও সচেতন সমাজ গঠনের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
সভায় বক্তারা মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

