জাপানের আইচি-নাগোয়ায় পঞ্চম এশিয়ান প্যারা গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়ল ভারতের ৫০০০ হাজার বছরের প্রাচীন ঐতিহ্য। অ্যাথলিটদের পোশাকে জায়গা পেল সিন্ধু সভ্যতার ঐতিহাসিক নিদর্শন। মহেঞ্জোদারোর ‘পুরোহিত রাজা’ থেকে ব্রোঞ্জের ‘ড্যান্সিং গার্ল’– সোনালি সুতোর বুননে ফুটে উঠল ইতিহাস। ক্রীড়ামঞ্চে দেশের প্রাচীন সংস্কৃতিকে এভাবেই বিশ্বের দরবারে তুলে ধরল ভারতীয় দল।
রবিবার, ১৮ অক্টোবর বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল এশিয়ান প্যারা গেমস। মার্চ পাস্টে ভারতীয় অ্যাথলিট ও কর্তাদের পরনে ছিল গাঢ় নীল ব্লেজার। তাতে সোনালি সুতোর কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছিল সিন্ধু সভ্যতার অন্যতম নিদর্শন ‘পুরোহিত রাজা’ এবং ব্রোঞ্জের ‘ড্যান্সিং গার্ল’-এর অবয়ব। পাশাপাশি ব্লেজারে ছিল প্রাচীন সিন্ধু সভ্যতার সিলমোহরের হরফ ও বিভিন্ন সাংকেতিক চিহ্ন। বুকের পকেটে তেরঙা, কলারে সূক্ষ্ম নকশার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল ‘সপ্তসিন্ধু’র ঐতিহ্যও। প্রাচীন ইতিহাসের সঙ্গে আধুনিক পোশাকশৈলীর এই মেলবন্ধন উদ্বোধনী অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।
A beautiful start to the Asian Para Games 2026, celebrating the spirit of sport and the power of determination! The Indian contingent proudly marched at the Opening Ceremony of the 5th Asian Para Games 2026 in Aichi-Nagoya, Japan, led by flag bearers Simran Sharma and Pramod Bhagat. The ceremony was fully packed with vibrant and cultural performances and celebrations. Here is a glimpse. #AichiNagoya #AsianParaGames #Cheer4Bharat
— SAI Media (@Media_SAI) October 18, 2026
নাগোয়ার স্টেডিয়ামে ভারতীয় দলের পতাকাবাহক ছিলেন প্যারা-ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং প্যারা-স্প্রিন্টার সিমরন শর্মা। প্রথমে পতাকা বহনের দায়িত্ব দেওয়া হয়েছিল প্যারা-টেবল টেনিস তারকা ভাবিনা প্যাটেলকে। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে তাঁকে বিশ্রামে রাখে ভারতীয় দলের ম্যানেজমেন্ট। কারণ, সোমবার প্যারা-টেবল টেনিসের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে নামার কথা ভাবিনার। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া-আসা মিলিয়ে প্রায় ছ’ঘণ্টা সময় লাগতে পারত। হুইলচেয়ারে চলাফেরা করা অ্যাথলিটের ক্ষেত্রে ম্যাচের আগের দিন এতটা ধকল এড়াতেই এই সিদ্ধান্ত। প্যারা-অ্যাথলেটিক্সের প্রধান কোচ সত্যনারায়ণ বলেন, “আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্য ও পদক জয়।”
১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ‘ইমাজিন ওয়ান হার্ট’ স্লোগানকে সামনে রেখে ৪৫টি দেশের প্রায় তিন হাজার অ্যাথলিট অংশ নিচ্ছেন পঞ্চম এশিয়ান প্যারা গেমসে। ভারতের প্রতিনিধি দলে রয়েছেন ২৮১ জন। এর ১৬৮ জন প্যারা-অ্যাথলিটের মধ্যে ১১২ জন পুরুষ ও ৫৬ জন মহিলা। মোট ১১টি ডিসিপ্লিনে পদকের লক্ষ্যে লড়াই করবেন ভারতীয় ক্রীড়াবিদরা। পদক জয়ের লক্ষ্যে নামার আগে দেশের অতীত ঐতিহ্যকে তুলে ধরলেন ভারতীয় অ্যাথলিটরা।
