ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে কেরানীগঞ্জের উন্নয়নে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলার তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে নদীভাঙন রোধে জিও ব্যাগের মাধ্যমে অস্থায়ী নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, ১৯৯৩ সালে তিনি এ নদীর ওপর একটি সেতু নির্মাণ করেছিলেন। পরবর্তীতে নদীর বাঁধ ভেঙে গেলে ১৯৯৬ সালে বিরোধী দলের সংসদ সদস্য থাকাকালে জাতীয় সংসদে বাঁধ নির্মাণের দাবি উত্থাপন করেন। পরে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় হযরতপুর-কলাতিয়া এলাকায় বাঁধ নির্মাণের কাজ শুরু করেন। তিনি জানান, পর্যায়ক্রমে সিরাজনগর, সোনারচর ও কুড়িটা এলাকাতেও বাঁধ নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কল্যাণেই কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের পর সেগুলো একে একে বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু করা হয়েছে। এছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য ভাতা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সরকারের অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আমান উল্লাহ আমান বলেন, ঢাকা-২ আসনে কেউ মাদক সেবন বা বিক্রি করতে পারবে না। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ঢাকা-২ আসনকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুমুক্ত করে শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে জনাব আশরাফ উদ্দিন বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
